[email protected] রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

নির্বাচনের তিন দিন আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬ ১১:৫৩ এএম

সংগৃহীত ছবি

ইসরায়েলি পার্লামেন্ট নির্বাচনের মাত্র তিন দিন আগে দেশটির তেল আবিবে প্রধানমন্ত্রী

 বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন।

​শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, তেল আবিবের উন্মুক্ত চত্বর 'হোস্টেজেস স্কোয়ারে' আয়োজিত এই সমাবেশে আন্দোলনকারীরা অংশ নেন।

​বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের বিরোধিতার পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিরাপত্তাব্যবস্থার চরম ব্যর্থতার নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত দাবি করেন। আগামী মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর দেশের প্রথম সাধারণ নির্বাচন।

​আলজাজিরার তথ্যমতে, 'অক্টোবর কাউন্সিল' নামে একটি সংগঠন এই সমাবেশের ডাক দেয়। এটি মূলত গাজায় ধরে নিয়ে যাওয়া ইসরায়েলি জিম্মিদের পরিবারদের গঠিত একটি জোট। সরকারের ব্যর্থতার জবাবদিহিতা নিশ্চিত করতে আয়োজিত কর্মসূচির আগে সংগঠনটি সামাজিক মাধ্যম এক্স-এ জানায়, সত্য উদ্ঘাটন, জবাবদিহিতা দাবি এবং একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের লক্ষ্যে তিন বছর ধরে চলা সংগ্রামের এটিই চূড়ান্ত কর্মসূচি।

​দৈনিক হারেৎজ জানিয়েছে, তেল আবিব ছাড়াও ইসরায়েলের অন্যান্য স্থানেও সরকারবিরোধী বিক্ষোভকারীরা সমবেত হতে থাকেন। সমাবেশে বিরোধী দলের শীর্ষ নেতারাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ইয়াশার দলের গাডি আইজেনকোট এবং ডেমোক্র্যাটস দলের নেতা ইয়াইর গোলান। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোট সমাবেশে এলে জনতা তাঁকে ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ স্লোগানে স্বাগত জানায়।

​ইসরায়েলি আইনজীবী ড্যান আদিন রবিন স্কয়ার থেকে হোস্টেজ স্কয়ার পর্যন্ত ডেমোক্র্যাটস দলের মিছিলে সর্বস্তরের মানুষের ঢল নামার কথা উল্লেখ করে এটিকে পরিবর্তন ও বিপ্লবের আকাঙ্ক্ষা বলে আখ্যা দেন।

​এর আগে, ক্ষমতাসীন জোটের সমর্থকরা সমাবেশে বাধা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে সতর্ক করেছিল অক্টোবর কাউন্সিল।

​উল্লেখ্য, আন্দোলনকারীদের মূল দাবি একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হলেও, নেতানিয়াহুর জোট সরকার সেই দাবি প্রত্যাখ্যান করে রাজনীতিবিদদের সমন্বয়ে রাজনৈতিক কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। তবে বিরোধী দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজনীতিবিদদের দিয়ে গঠিত এমন কোনো কমিশন তারা বয়কট করবে।

এসআর

সম্পর্কিত খবর