[email protected] রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

ফ্রান্সে কারফিউ বাড়লো: প্যারিসে পর্যটন কেন্দ্র বন্ধ, মার্সেই ও লিওঁতে বিক্ষোভ নিষিদ্ধ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬ ৫:৩০ পিএম

সংগৃহীত ছবি

সহিংস ঘটনার পর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে ফ্রান্সের রাজধানী প্যারিসের

 নির্দিষ্ট কিছু এলাকায় রাত্রিকালীন কারফিউয়ের মেয়াদ আগামী সোমবার (২৬ অক্টোবর) সকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলাচল নিষিদ্ধ থাকবে।

​স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ ও প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লোকর্নুর নির্দেশে প্যারিস পুলিশ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে। বিশেষ করে গত সপ্তাহের সহিংসতার মূল কেন্দ্রবিন্দু ‘প্লাস দ্য লা রিপুবলিক’ এবং ‘লে আল’ শপিং এলাকায় সোমবার সকাল পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

​পাশাপাশি, পুনঃবিশৃঙ্খলা ও লুটপাটের আশঙ্কায় শনিবার প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভ, ওর্সে ও পিকাসো জাদুঘরের মতো গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​দেশের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর মার্সেই এবং লিওঁতে শনি ও রোববার সব ধরনের সভা-সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত সপ্তাহের তাণ্ডবে ৫০০টিরও বেশি ব্যবসা-প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়া উপকূলীয় শহর মার্সেইতে শনিবার গণপরিবহনও বন্ধ রাখা হবে।

​এছাড়া, রোউন অঞ্চলের প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, শনিবার রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত আগে কেবল অপ্রাপ্তবয়স্কদের জন্য জারি থাকা কারফিউ এখন সব নাগরিকের জন্য প্রযোজ্য হবে। একইভাবে দক্ষিণাঞ্চলীয় নিস, দক্ষিণ উপকূলের তুলোঁ, উত্তর-পশ্চিমের রুয়াঁ শহরের কেন্দ্রস্থল এবং পূর্বাঞ্চলের গ্রেনোবল শহরেও বিধিনিষেধ জারি করা হয়েছে।

​ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানান, যেসকল এলাকায় বিক্ষোভ পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি, সেখানে শনিবার কেবল অনুমোদিত শ্রমিক সংগঠনগুলোর কর্মসূচির অনুমতি দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, বামপন্থি কট্টর গোষ্ঠীগুলো প্রজাতন্ত্রকে ধ্বংস করার উদ্দেশ্যে ‘রাজনৈতিক ও রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ড’ চালাচ্ছে।

​উল্লেখ্য, জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং স্কুলের অবনতিশীল পরিস্থিতির প্রতিবাদে গত সপ্তাহে ফ্রাঙ্কজুড়ে বিশাল বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে তা দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটে রূপ নিলে দেশটির ব্যবসা-প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এসআর

সম্পর্কিত খবর