চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে
এখন পর্যন্ত অন্তত ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বহু মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
দুর্গত এলাকায় প্রাণহানি কমাতে এবং উদ্ধার অভিযান জোরদার করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আটকে পড়া মানুষদের অতি দ্রুত উদ্ধার করা, আহতদের চিকিৎসাসেবা সুনিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভূমিকম্পকবলিত স্থানটি পাহাড়ি ও উচ্চ পার্বত্য অঞ্চলে অবস্থিত হওয়ায় এবং সেখানে অতিরিক্ত ঠান্ডা থাকায় দ্রুত জরুরি ত্রাণ ও উদ্ধারসামগ্রী পাঠানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্যমতে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগছু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং রাজধানী লাসা থেকে প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত পাহাড়ি এলাকায়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ভেঙে পড়া পরিকাঠামো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এসআর