মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ২২ মিনিটের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বেড়ে ১০৯ দশমিক ৬৪ ডলারে পৌঁছায়। এ বৃদ্ধি আগের দামের তুলনায় শূন্য দশমিক ৭৮ শতাংশ।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৫৮ ডলারে দাঁড়ায়।
এদিকে হরমুজ প্রণালির দক্ষিণে সমুদ্রে মাইনের আঘাতে একটি বড় তেলবাহী জাহাজে আগুন লাগার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ইরানের নির্ধারিত নিয়ম অমান্য করছিল।
অন্যদিকে, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।
এসব ঘটনায় গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তেল পরিবহন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, সৌদি আরবের ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র এবং রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও পরিবহন ব্যবস্থাকে ঘিরে এ ধরনের নিরাপত্তাঝুঁকি তেলের সরবরাহব্যবস্থায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদনকারী অঞ্চল মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে দাম আরও অস্থির হতে পারে।
বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হওয়ায় এ অঞ্চলে সংঘাত ও জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হলে তার প্রভাব বিশ্ববাজারে পড়ার আশঙ্কা রয়েছে।
এসআর