মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ইসরাইল সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গত সোমবার (১৯ অক্টোবর) দক্ষিণ ইসরাইলের কৌশলগত 'ওভদা বিমানঘাঁটিতে' তাদের মধ্যে এই দীর্ঘ ও ব্যতিক্রমী বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরান নিয়ে আলোচনা ও নতুন সামরিক অভিযানের ইঙ্গিত: আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং রয়টার্সের বরাতে জানা গেছে, বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি, মার্কিন নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালীতে বিরোধ মীমাংসায় কূটনৈতিক প্রচেষ্টা গতি হারালে ওয়াশিংটন ও তেল আবিব নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর কৌশলগত দিকগুলো পর্যালোচনা করছে।
ওভদা বিমানঘাঁটিকে বেছে নেওয়ার বিশেষত্ব: দক্ষিণ ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান ও আকাশে বিমান রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) এয়ারক্রাফট মোতায়েন রয়েছে। দীর্ঘপাল্লার কৌশলগত সামরিক অভিযানে এই রিফুয়েলিং সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘাঁটিতে গোপন বৈঠকের ফলে ইরানে সম্ভাব্য নতুন যৌথ হামলার জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে।
রাজনৈতিক টাইমিং ও মার্কিন নির্বাচন: ইসরাইলের আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র আট দিন আগে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থনের পর এই সফরটি হলো। দুই নেতাই পূর্বে নির্বাচনে প্রভাব না ফেলার স্বার্থে ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন ও ২৭ অক্টোবরের ইসরাইলি নির্বাচনের আগে বড় কোনো পদক্ষেপ না নেওয়ার ইঙ্গিত দিলেও যৌথ সামরিক পরিকল্পনার প্রস্তুতি সচল রাখাই এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
তবে হেগসেথের এই আকস্মিক সফর এবং ওভদা বিমানঘাঁটিতে নেতানিয়াহুর উপস্থিতি আঞ্চলিক উত্তেজনা বাড়ালেও, কোনো নতুন সামরিক হামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এসআর