ইরানসমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রেখেছে
ইয়েমেনি সেনাবাহিনী। ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামক এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে মোট ৭৪৪টি হামলা চালানো হয়েছে। এসব অভিযানে প্রায় ২০০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এই তথ্য নিশ্চিত করেছেন।
অংশগ্রহণকারী বাহিনী: ইয়েমেনি সেনাবাহিনীর যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার এবং স্নাইপার ইউনিট যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।
ক্ষয়ক্ষতি: হামলায় হুথি গোষ্ঠীর ৯০টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তাদের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সুরক্ষিত অবস্থান, সৈন্য সমাবেশ এবং সরবরাহ পথগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
কৌশলগত অগ্রগতি: তাইজ প্রদেশে সরকারি বাহিনী আক্রমণ জোরদার করায় হুথি যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছে। পূর্ব, দক্ষিণ ও পশ্চিম ফ্রন্টে সমন্বিত অভিযান। অব্যাহত থাকায় মিলিশিয়া গোষ্ঠীটির রিজার্ভ সেনা স্থানান্তরের সক্ষমতা সীমিত হয়ে পড়েছে।
এর আগে সোমবার কর্নেল আল-নুজাইলি জানান, তার আগের ২৪ ঘণ্টায় সরকারি বাহিনী ১,১৬৪টি হামলা চালিয়েছিল, যাতে মাঠপর্যায়ের কমান্ডারসহ ৫৫৮ জন হুথি যোদ্ধা নিহত হন এবং ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস হয়। ইয়েমেনি সেনাবাহিনীর দাবি, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করেই কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
এসআর