প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতার দুই বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর)
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৯ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে এই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমান্তো।
সাম্প্রতিক একটি জনমত জরিপে প্রেসিডেন্টের জনপ্রিয়তা হ্রাসের ইঙ্গিত পাওয়ার পরই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। রাজধানী জাকার্তার বিভিন্ন স্থানে কমপক্ষে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।
ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা জানিয়েছে, সাম্প্রতিক দাবানল এবং শেয়ারবাজারের পতনের প্রতিবাদেই তাদের এই কর্মসূচি। তাদের মতে, শেয়ারবাজারের এই ধস এবং ইন্দোনেশীয় রুপিয়ার মান কমে যাওয়া—উভয় ঘটনাই দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থার বহিঃপ্রকাশ। তবে বিক্ষোভে ঠিক কতজন শিক্ষার্থী অংশ নিতে পারে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও সরব হয়ে উঠেছে। এর অংশ হিসেবে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জাকার্তার একটি প্রধান স্মৃতিস্তম্ভে ব্যানার ঝুলিয়ে জলবায়ু সংকট মোকাবিলা ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ অক্টোবর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল প্রাবোও সুবিয়ান্তো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে বর্তমানে উচ্চাভিলাষী ও জনতুষ্টিবাদী কর্মসূচিগুলোর অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ থাকায় তিনি সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছেন।
রিপাবলিকান জরিপ সংস্থা ‘সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিং’ (এসএমআরসি)-এর তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে প্রেসিডেন্ট প্রাবোওয়ের অনুমোদনের হার ৮১.২ শতাংশ থাকলেও সাম্প্রতিক অক্টোবরের জরিপে তা কমে ৪৪.৫ শতাংশে এসে ঠেকেছে, যা তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন জনপ্রিয়তার রেকর্ড।
এর আগে চলতি বছরের আগস্ট মাসে ইন্দোনেশিয়ায় বড় ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছিল এবং সে সময় কয়েকশ মানুষকে আটক করা হয়। এ ছাড়া ২০২৫ সালে পুলিশের হাতে এক মোটরসাইকেল ট্যাক্সি চালক নিহত হওয়ার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া তীব্র অস্থিরতার সময় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন।
এসআর