ইয়েমেনের এডেন শহরের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা।
বৃহস্পতিবারের (১৫ অক্টোবর) এ হামলায় অন্তত চারজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। বিবিসির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদরদপ্তর এই প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অবস্থিত। গত দুই মাস ধরে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের লড়াই চললেও এই প্রথম প্রেসিডেন্ট প্রাসাদকে টার্গেট করল গোষ্ঠীটি। সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ হামলার ফলে দেশটিতে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে সৌদি আরবসহ অন্যান্য আঞ্চলিক পরাশক্তিগুলো যুক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরব ইতিমধ্যে হুথিদের আঞ্চলিক নিরাপত্তা এবং নৌ চলাচলের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে লড়াইয়ে যোগ দিতে অন্যান্য ইসলামিক দেশের কাছে লবিং করছে।
সানা ইয়েমেনের রাজধানী হলেও এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে আসছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি এই হামলাকে কাপুরুষোচিত ও অপরাধমূলক আচরণের ধারাবাহিকতা বলে অভিহিত করেছেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই হামলার কারণে লোহিত সাগর উপকূলসহ অন্যান্য যুদ্ধক্ষেত্রে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সেনাদের মনোবল একটুও কমবে না।
এসআর