যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান আগ্রহী, তবে কীভাবে সেই চুক্তি করতে হবে, তা দেশটির
জানা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবি করেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, তারা (ইরান) চুক্তি করতে চায়, কিন্তু কীভাবে করতে হয়, তা তারা জানে না। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে মার্কিন প্রেসিডেন্ট তার অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং দেশটিকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন।
ট্রাম্প আরও দাবি করেন যে, বর্তমানে ইরানের কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই এবং দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও অত্যন্ত দুর্বল। পাশাপাশি ইরানে তীব্র অর্থ সংকট ও উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্যের এক পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আশঙ্কাজনকভাবে কমা নিয়ে পূর্বাভাস দিয়ে ট্রাম্প বলেন, তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে আসবে, অর্থাৎ আগামীতে তেলের বাজারমূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ট্রাম্প এসব বক্তব্য দেন।
এসআর