[email protected] মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ৮:৪২ এএম

সংগৃহীত ছবি

রাশিয়া থেকে তেল সরবরাহ বৃদ্ধির সম্ভাবনার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম

 কিছুটা হ্রাস পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়া একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালাতে সম্মত হয়েছে, যার ফলে বাজারে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

​তবে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম এখনো বেশ উর্ধ্বমুখী রয়েছে। যে কারণে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরেই অবস্থান করছে।

​রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৭ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৩ ডলার ৩৫ সেন্টে নেমেছে।

​পাশাপাশি, মার্কিন বাজার স্ট্যান্ডার্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৯০ ডলার ৫৫ সেন্টে দাঁড়িয়েছে।

​বাজার বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা বাজারে মূল্য হ্রাসের চাপ সৃষ্টি করলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। ফলে আগামী দিনে তেলের বাজার কোন দিকে মোড় নেবে, তা মূলত নির্ভর করবে বৈশ্বিক সরবরাহ পরিস্থিতি ও আঞ্চলিক সংঘাতের গতিপ্রকৃতির ওপর।

এসআর

সম্পর্কিত খবর