[email protected] বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

ওমান উপকূলে তেল ট্যাংকারে ড্রোন হামলা: ভারতের দুই নাবিক নিখোঁজ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ৮:২৬ এএম

সংগৃহীত ছবি

ওমান উপসাগরে নোঙর করা একটি বাণিজ্যিক তেলের জাহাজে ড্রোন হামলার ঘটনায় দুই

 ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের ওই ট্যাংকারটিতে মোট ১১ জন ভারতীয় ক্রু কর্মরত ছিলেন। ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

​রবিবার (১১ অক্টোবর) উত্তর ওমানের সোহর বন্দর সংলগ্ন পানিসীমায় জাহাজটি অবস্থানকালে এই হঠাৎ আক্রমণের শিকার হয়। জাহাজে থাকা মোট ১১ জন ভারতীয় নাবিকের মধ্যে ৯ জনকে ইতোমধ্যে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও বাকী দুইজনের সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।

​ওমানের স্থানীয় কোস্ট গার্ডের সাহায্যে নিখোঁজ দুই ভারতীয় নাগরিককে রক্ষায় জোর উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।

​উল্লেখ্য, একই দিনে হরমুজ প্রণালিতে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি ভালথেরা’ নামের অপর একটি ট্যাংকারেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। সেই জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাবিকই অক্ষত ও নিরাপদ ছিলেন। সংঘাতপূর্ণ এই সমুদ্রপথে সাম্প্রতিক সময়ে একের পর এক বাণিজ্যিক জাহাজে আক্রমণের ঘটনা আঞ্চলিক বাণিজ্যে চরম উদ্বেগ বাড়াচ্ছে।

​ভারতের জাহাজ মন্ত্রণালয়ের তথ্যমতে, বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে নাবিক হিসেবে কর্মরত ব্যক্তিদের একটি বড় অংশ ভারতের নাগরিক। তবে বিশ্বজুড়ে সাম্প্রতিক সামরিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার পর থেকে হরমুজ প্রণালিসহ আশপাশের সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজগুলো ধারাবাহিক আক্রমণের শিকার হচ্ছে। এ প্রেক্ষাপটে ভারত সরকার নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং বাণিজ্যিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধের জোর দাবি জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর