জ্বালানির বিশ্ববাজারে স্থিতিশীলতা ফেরাতে আগামী চার মাসে নিজেদের জরুরি মজুত থেকে
১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল সরবরাহের ঘোষণা দিয়েছে জি-৭ জোট। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উদ্যোগে আয়োজিত এক জরুরি ভিডিও বৈঠকে সদস্য দেশগুলোর নেতারা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে অন্যান্য দেশগুলোর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নেন। এর আগে যুক্তরাষ্ট্রে তৈরি ডিজেল রপ্তানি বন্ধের সম্ভাবনার কথা ট্রাম্প জানানোর পর ইউরোপীয় ইউনিয়নজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছিল, যা নিরসনেই মূলত এই জরুরি আলোচনার আয়োজন করা হয়।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সরাসরি তত্ত্বাবধানে আগামী চার মাসজুড়ে এই জ্বালানি ছাড়ের প্রক্রিয়া কার্যকর করা হবে। বিশেষ করে, বাজারের প্রাথমিক ধকল সামলাতে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই অর্থনৈতিক জোটের নেতারা স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে, সদস্য দেশগুলোর মধ্যে ডিজেলসহ যেকোনো জ্বালানি পণ্য রপ্তানিতে নতুন করে কোনো বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। একই সঙ্গে বিশ্ববাজারের অস্থিরতা এড়াতে অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোকেও অনড় রপ্তানি নীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন তারা।
বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায় জ্বালানি মূল্যের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জি-৭ নেতারা জানান, তারা সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবেন। প্রয়োজন দেখা দিলে বাজার স্থিতিশীল রাখতে যৌথভাবে আরও কঠোর ও সমন্বিত ব্যবস্থা নিতে তারা প্রস্তুত রয়েছেন। ব্রিটেন, জাপান, কানাডা, জার্মানি ও ইতালি—জোটের এই গুরুত্বপূর্ণ দেশগুলোর ঐকমত্য বিশ্ব জ্বালানি বাজারে নতুন আশার সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে।
এসআর