[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩

সরবরাহ বাড়া ও কূটনৈতিক তৎপরতায় কমল বিশ্ববাজারে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫৮ পিএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনার অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৭টা ১৯ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭ সেন্ট কমে ৯৯ দশমিক ১৮ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৫ সেন্ট কমে দাঁড়ায় ৯০ দশমিক ১৭ ডলারে।

 

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তিনি জানান, তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানের মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।

 

ট্রাম্পের ভাষ্য, দুই পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি তৈরি হয়েছে।

 

বাজার বিশ্লেষকদের মতে, তেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা এবং দীর্ঘস্থায়ী সংঘাত অবসানে কূটনৈতিক উদ্যোগ জোরদার হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। মঙ্গলবারের লেনদেন শেষে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে যায়। গত ৮ সেপ্টেম্বরের পর এই প্রথম ব্রেন্টের দাম এই সীমার নিচে নামল।

 

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, কয়েক সপ্তাহ আগের তুলনায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে বাজারে এখন কিছুটা ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠক আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। যদিও দুই পক্ষের বক্তব্যে এখনও কঠোরতা রয়েছে, তবু বাজার আপাতত আলোচনার সম্ভাবনাকেই গুরুত্ব দিচ্ছে।

এদিকে মঙ্গলবার সৌদি আরব লোহিত সাগরমুখী তার ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম আবার চালু করেছে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর