[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩

ঘানায় কোটি ডলার ব্যয়ে সুবিধাসম্পন্ন গ্রাম তৈরি করলেন মিস্টারবিস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১:২১ পিএম

সংগৃহীত ছবি

ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মিস্টারবিস্ট ঘানায় প্রায় ১ কোটি ডলার ব্যয়ে একটি পূর্ণাঙ্গ গ্রাম গড়ে তুলেছেন।

জিমি ডোনাল্ডসন নামে পরিচিত এই ইউটিউবার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ উদ্যোগের তথ্য প্রকাশ করেছেন।

 

ঘানার পূর্বাঞ্চলে গড়ে তোলা গ্রামটির নাম ‘আবনা ডাকওয়া ভিলেজ’। স্থানীয় বাসিন্দাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি নিরাপদ পানি, কর্মসংস্থান এবং কৃষিকাজের সুবিধা নিশ্চিত করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য। বিশেষ করে কোকো চাষের সঙ্গে সংশ্লিষ্ট এবং শিশুশ্রমের নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

 

প্রকল্পের আওতায় ৩০০-এর বেশি শিক্ষার্থীর জন্য একটি বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। শিক্ষকদের থাকার জন্য রয়েছে ১০টি বাড়ি। এ ছাড়া একটি চিকিৎসাকেন্দ্র ও বাজারের পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা, সৌরবিদ্যুৎ এবং কৃষিকাজের সুযোগ রাখা হয়েছে।

 

শিক্ষার্থীদের জন্য টানা পাঁচ বছর বিনা মূল্যে স্কুলের খাবার সরবরাহের পরিকল্পনাও রয়েছে। এ কর্মসূচিতে রকেফেলার ফাউন্ডেশন সহযোগিতা করছে।

 

এদিকে মিস্টারবিস্টের নিজ শহর নর্থ ক্যারোলাইনার গ্রিনভিলে তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এর জবাবে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে তার একটি অলাভজনক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে এরই মধ্যে কোটি কোটি খাবার বিতরণ করা হয়েছে এবং স্থানীয় পর্যায়েও বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করা হয়েছে।

 

মিস্টারবিস্টের মোট সম্পদ নিয়েও বিভিন্ন হিসাব পাওয়া যায়। সেলিব্রিটি নেট ওয়ার্থের হিসাবে তার সম্পদের পরিমাণ আনুমানিক ২৬০ কোটি ডলার। তবে তার সম্পদের বড় অংশ নগদ অর্থ নয়; বরং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘বিস্ট ইন্ডাস্ট্রিজ’-এ মালিকানার অংশীদারত্বের মূল্য থেকে এসেছে।

 

ইউটিউব চ্যানেলকেন্দ্রিক কার্যক্রম দিয়ে শুরু হওয়া বিস্ট ইন্ডাস্ট্রিজ পরে গণমাধ্যম, খাদ্য ও প্রযুক্তিসহ একাধিক খাতে ব্যবসা সম্প্রসারণ করে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ৫২০ কোটি ডলার মূল্যায়নে নতুন বিনিয়োগ সংগ্রহ করে।

 

বিপুল সম্পদের হিসাব থাকলেও মিস্টারবিস্ট নিজেই জানিয়েছেন, তার হাতে নগদ অর্থের পরিমাণ খুব বেশি নয়। চলতি বছরের এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে তাকে ধার করে চলতে হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানে থাকা শেয়ারের মূল্য অনেক হলেও তা দিয়ে ব্যক্তিগত দৈনন্দিন ব্যয় সরাসরি মেটানো সম্ভব নয়।

 

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ট ইন্ডাস্ট্রিজে প্রায় ৪৫০ জন কর্মী রয়েছেন। তাদের মধ্যে ৩০০-এর বেশি কর্মী ভিডিও নির্মাণের কাজে যুক্ত। মিস্টারবিস্টের কিছু ইউটিউব ভিডিও প্রযোজনায় ৩০ থেকে ৪০ লাখ ডলার পর্যন্ত ব্যয় হয় বলেও জানা গেছে।

কোনো কনটেন্ট প্রত্যাশিত মানে পৌঁছাতে না পারলে সেটি প্রকাশ না করার সিদ্ধান্তও নেন তিনি। এর ফলে কোনো কোনো প্রকল্পে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত লোকসান হয়েছে। এমনকি এক বছরে প্রতিষ্ঠানটির ক্ষতির পরিমাণ ১০ কোটি ডলার ছাড়িয়েছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

২০২০ সালে মিস্টারবিস্ট জানিয়েছিলেন, বিলাসবহুল জীবনযাপনের প্রতি তার আগ্রহ নেই। জীবনের শেষ পর্যায়ে ব্যাংক হিসাবে কোনো অর্থ না রেখে নিজের সম্পদ জনকল্যাণমূলক কাজে ব্যয় করাই তার অন্যতম লক্ষ্য বলে সে সময় তিনি উল্লেখ করেন।

এসআর

সম্পর্কিত খবর