[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার ও ফিলিস্তিনকে স্বীকৃতির জোর দাবি এরদোগানের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫৪ এএম

সংগৃহীত ছবি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান ক্ষমতার কাঠামো বদলে বিশ্ব ব্যবস্থাকে আরও

 সমতাভিত্তিক ও ন্যায়সংগত করার জোর দাবি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে এখনো স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের ব্যর্থতা প্রমাণ করে যে ৮১ বছর আগে যে আদর্শ নিয়ে এটি গঠিত হয়েছিল, তা এখন আর কার্যকর নেই। মাত্র পাঁচটি স্থায়ী দেশের স্বার্থের ওপর ১৯০টিরও বেশি দেশের ভবিষ্যৎ নির্ভরশীল থাকতে পারে না উল্লেখ করে তিনি নিরাপত্তা পরিষদের জরুরি ও আমূল সংস্কারের দাবি জানান।

​গাজার বর্তমান পরিস্থিতিকে আমাদের সময়ের সবচেয়ে অমানবিক ও লজ্জাজনক আটক শিবির হিসেবে অভিহিত করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সেখানকার মানবিক বিপর্যয় দেখে বিবেকসম্পন্ন কোনো মানুষ চুপ থাকতে পারে না। তিনি গাজার দ্রুত পুনর্গঠন শুরু করার পাশাপাশি ইসরাইলের ওপর বৈশ্বিক চাপ বাড়ানোর আহ্বান জানান। এছাড়া ভিসা না পাওয়ায় টানা দ্বিতীয় বছরের মতো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সশরীরে অধিবেশনে উপস্থিত হতে না পারায় ক্ষোভ প্রকাশ করে এরদোগান বলেন, এটি ফিলিস্তিনিদের প্রতি সরাসরি অবিচার। ফিলিস্তিনের অনুপস্থিতিতেও তুরস্ক স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে উচ্চকণ্ঠ থাকবে বলে তিনি প্রতিশ্রুটি দেন।

​বক্তব্যে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ভৌগোলিকভাবে অখণ্ড ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দেন এরদোগান। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, গাজায় ইসরাইলি সামরিক অভিযানকে তুরস্ক শুরু থেকেই গণহত্যা বলে সমালোচনা করে আন্তর্জাতিক আইনি ব্যবস্থার দাবি জানিয়ে আসছে, যদিও ইসরাইল তা অস্বীকার করে আসছে।

এসআর

সম্পর্কিত খবর