[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশি সাংবাদিকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১:২৭ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত সরকার।

‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (আইটেক) কর্মসূচির আওতায় আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর ভারতের হায়দরাবাদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে।

হাইকমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে কাজ করেন এমন সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিকে প্রশিক্ষণের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এতে গণমাধ্যমের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা, কৌশলগত যোগাযোগ এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

শুধু শ্রেণিকক্ষের আলোচনা নয়, প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের হায়দরাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্থানীয় স্টার্টআপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগও রাখা হয়েছে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করা সাংবাদিকদের সনদ দেওয়া হবে।

মনোনীত সাংবাদিকদের ঢাকা-হায়দরাবাদ যাওয়া-আসার বিমানভাড়া, প্রশিক্ষণ ফি, থাকা-খাওয়া ও দৈনন্দিন ব্যয় বাবদ ভাতাসহ সংশ্লিষ্ট সব খরচ ভারত সরকার বহন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট খাতে ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আগ্রহী সাংবাদিকদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত গুগল ফর্মে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের পরবর্তী সময়ে নিজ নিজ গণমাধ্যম প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) জমা দিতে হবে।

আবেদনের লিংক: Google Form

এসআর

সম্পর্কিত খবর