ইয়েমেনের দুই দক্ষিণাঞ্চলীয় প্রদেশে ইরানি সমর্থনে পরিচালিত হুথি বিদ্রোহী এবং ইয়েমেনি
সেনাবাহিনী ও সৌদি বিমানবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে ২৪ ঘণ্টায় ৬৩ জন নিহত হয়েছে। সেনাসূত্রে জানা গেছে, হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, সৌদি বিমান হামলা ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ জন হুথি যোদ্ধা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে বিদ্রোহী বাহিনীটি।
আগস্টের শেষ দিক থেকে সৌদি আরব ও হুথিদের সংঘাত মারাত্মক আকার ধারণ করেছে। একাধিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সৌদির জ্বালানি অবকাঠামোর ক্ষতি করার পর, সম্প্রতি গুরুত্বপূর্ণ বাব এল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুথিরা। হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদির তেল রপ্তানির জন্য এই পথটি অত্যন্ত কৌশলগত।
এর জবাবে সৌদি বিমানবাহিনী ইয়েমেনে ব্যাপক আকাশপথের অভিযান শুরু করেছে, যার মধ্যে সম্প্রতি তাদের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। সংকট নিরসনে মার্কিন সামরিক সহায়তা চাওয়া হলেও, চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে এই মুহূর্তে অতিরিক্ত সামরিক সহায়তা প্রদানে অপারগতা জানিয়েছে ওয়াশিংটন।
এসআর