উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ভিভিআইপি চলাচলের পথগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।
নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী একটি বিশেষায়িত কন্ট্রোল রুম স্থাপন করেছে। সেখান থেকে বিশ্বনেতাদের মোটরকেডের চলাচলসহ রাজধানীর সার্বিক পরিস্থিতি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্মেলনে অংশ নিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি সম্মেলনে উপস্থিত থাকছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবারের ব্রিকস সম্মেলনকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সদস্য দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার সম্প্রসারণের বিষয়টি আলোচনায় আসতে পারে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্ব রাজনীতিতে দ্রুত পরিবর্তনশীল সমীকরণ নিয়েও নেতাদের মধ্যে আলোচনা হতে পারে।
বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের প্রভাব ক্রমেই বিস্তৃত হওয়ায় এবারের সম্মেলনের সিদ্ধান্ত ও আলোচনার দিকে আন্তর্জাতিক সম্প্রদায়েরও বিশেষ নজর রয়েছে।
এসআর