গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা
ডুবে ১ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৫ জন নিখোঁজ রয়েছেন। গত রোববার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
গ্রিক সংবাদমাধ্যম 'টু ভিমা'-র এক প্রতিবেদনে জানানো হয়, ডুবে যাওয়া ওই নৌকাটিতে মোট ৭৭ জন যাত্রী ছিলেন। ঘটনার পরপরই গ্রিসের কোস্টগার্ড বাহিনী ৫১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের কোনো কোনো দেশের নাগরিক তা গ্রিক কর্তৃপক্ষ স্পষ্ট না করলেও পরবর্তীতে তাদের নিরাপদ আশ্রয়ের জন্য ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।
নিখোঁজ ২৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গ্রিসের কোস্টগার্ড এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তরক্ষী বাহিনী 'ফ্রন্টেক্স' যৌথভাবে এই অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে। ৪টি নৌযান, একটি উড়োজাহাজ ও একটি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ পরিচালিত হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনুসন্ধান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে দেশটির অপর সংবাদমাধ্যম 'ইআরটি'।
উল্লেখ্য, গ্রিসের অভিবাসন বিষয়ক আইন অত্যন্ত কঠোর। কোনো বিদেশী নাগরিক প্রয়োজনীয় নথি ছাড়া গ্রিসের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে দীর্ঘমেয়াদী প্রশাসনিক আটকাদেশ, কঠোর শাস্তি এবং দ্রুত নিজ দেশে বহিষ্কারের মুখোমুখি হতে হয়।
এসআর