ইরাকের দিক থেকে আসা একাধিক ড্রোন হামলার মুখে নিজেদের ইস্ট-ওয়েস্ট তেল
পাইপলাইন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। বৃহস্পতিবার রিয়াদ ও মদিনা অঞ্চলের এই হামলায় কয়েকজন আহত হন এবং পাইপলাইনের নির্দিষ্ট কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সৌদি জ্বালানি মন্ত্রণালয় কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত ও মেরামত কাজ শুরু করেছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানালেও তাৎক্ষণিকভাবে কোনো পাল্টা হামলায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরাকি সরকারের অনুরোধে সাড়া দিয়ে বাগদাদকে নিজ ভূখণ্ড থেকে হামলা ঠেকানোর সুযোগ দিতে রিয়াদ এই পদক্ষেপ সমর্থন করেছে। তবে নিজেদের সার্বভৌমত্ব, নাগরিক ও স্থাপনার সুরক্ষায় সার্বভৌম অধিকার প্রয়োগের কথা পুনর্ব্যক্ত করেছে তারা।
অন্যদিকে, ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান আলি আল-জায়েদি হামলার নিন্দা জানিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। নিজেদের ভূমিকে কোনো প্রতিবেশীর বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার অঙ্গিকারও ব্যক্ত করেছে বাগদাদ। উল্লেখ্য, গত জুলাই থেকেই ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোন হামলা এবং পরবর্তী সামরিক তৎপরতাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।
এসআর