[email protected] সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

নেপালে ভয়াবহ বন্যা: তিন দিন পর কাদার নিচ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৬ ৬:২৫ পিএম

সংগৃহীত ছবি

নেপালের রসুয়া জেলায় ভয়াবহ বন্যার তিন দিন পর কাদার স্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকন্যাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উদ্ধারকারীরা তাকে খুঁজে পান। ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের খবরের মধ্যে এই উদ্ধার অভিযান নতুন করে আশার সঞ্চার করেছে।


রসুয়া জেলার তিমুরে গ্রামে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক বন্যায় কোশি নদীর পানি বেড়ে গেলে গ্রামটির বড় একটি অংশ প্লাবিত হয়ে যায়।


উদ্ধার অভিযানের সময় আর্মড পুলিশ ফোর্সের (এপিএফ) সদস্যরা কাদার নিচ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস শনাক্ত করে দ্রুত সেখানে খনন শুরু করেন তারা। একপর্যায়ে কাদার নিচ থেকে শিশুটিকে জীবিত অবস্থায় বের করে আনা হয়।


উদ্ধারের পর তিমুরে এপিএফ বর্ডার আউটপোস্টে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কাঠমাণ্ডুতে নেওয়ার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।


তবে প্রতিকূল আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে শুক্রবার সন্ধ্যায় নির্ধারিত বিমানযাত্রা সম্ভব হয়নি। শনিবার দুপুর পর্যন্ত উদ্ধারকারীরা শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা করেন। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে হেলিকপ্টারে করে তাকে কাঠমাণ্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা
শিশুটিকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উদ্ধারকারী দলের প্রশংসা করছেন অনেকে। দুর্যোগের মধ্যেও জীবিত কাউকে খুঁজে বের করার জন্য এপিএফ সদস্যদের প্রচেষ্টার প্রশংসা করেছেন নেটিজেনরা।


অনেকে শিশুটির পরিবারের সন্ধান পেতেও ভিডিওটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে মণীষা মারগার নামের শিশুটির স্বজনদের খুঁজে বের করতে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।


পুনর্গঠনে প্রয়োজন হতে পারে শত কোটি ডলার
ভয়াবহ বন্যায় বিপুল ক্ষয়ক্ষতির পর নেপালকে পুনর্গঠন ও পুনর্বাসনের বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ ও মানুষের পুনর্বাসনে শত কোটি ডলারের বেশি অর্থ প্রয়োজন হতে পারে।


কাঠমাণ্ডুতে সাংবাদিকদের তিনি জানান, প্রথমে বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা হবে। এরপর সেই তথ্যের ভিত্তিতে পুনর্গঠন ও পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।


এদিকে বন্যায় এখন পর্যন্ত ৬৭৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর