[email protected] রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩

কুয়েত-ঢাকা রুটে আবারও বিমানের সরাসরি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৬ ৫:৩৬ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ বিরতির পর কুয়েত থেকে ঢাকার সরাসরি ফ্লাইট আবারও চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (২৯ আগস্ট) থেকে এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।


এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত-ঢাকা রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ছয় মাস পর পুনরায় এ রুটে ফ্লাইট চালু হলো।


বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ। কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি ফ্লাইট চালুর তথ্য জানান।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় এতদিন কুয়েত থেকে বাংলাদেশে আসতে প্রবাসীদের বিভিন্ন এয়ারলাইন্সের ওপর নির্ভর করতে হয়েছে। এতে অনেক ক্ষেত্রে বাড়তি ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের। বিশেষ করে ছুটির সময় কিংবা জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের জন্য উচ্চ টিকিটের দাম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।


এদিকে বিমান বাংলাদেশের ফ্লাইট পুনরায় চালুর পর কুয়েত-ঢাকা রুটে অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দামও কমতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে প্রবাসীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।


সরাসরি ফ্লাইট চালুর ফলে কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ যেমন সহজ হলো, তেমনি এয়ারলাইন্সগুলোর মধ্যে প্রতিযোগিতাও বাড়বে বলে আশা করা হচ্ছে। এর প্রভাবে ভবিষ্যতে বিমানভাড়া আরও সহনীয় পর্যায়ে আসতে পারে।


প্রবাসীদের প্রত্যাশা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নিয়মিত ও নির্বিঘ্নভাবে পরিচালিত হলে কুয়েত-বাংলাদেশ রুটে যাত্রীদের ভোগান্তি কমবে এবং দেশে যাতায়াত আরও সহজ হবে।

এসআর

সম্পর্কিত খবর