[email protected] শনিবার, ৮ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩

রোম বিমানবন্দরে ৭ ঘণ্টার বেশি ধরে আটকে বিমানের ২৬০ যাত্রী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৬ ১২:১০ এএম

সংগৃহীত ছবি

প্রযুক্তিগত জটিলতার কারণে ইতালির রাজধানী রোমের একটি বিমানবন্দরে সাত ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট।

উড়োজাহাজটিতে প্রায় ২৬০ জন যাত্রী রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য ইতালিতে অবতরণের পর ফ্লাইটটিতে কারিগরি সমস্যা ধরা পড়ে।

এরপর উড়োজাহাজটি আর নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশে যাত্রা করতে পারেনি।

যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। নির্ধারিত বিরতিতে ইতালিতে অবতরণের পর তাদের জানানো হয়, উড়োজাহাজে ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি মেরামত করা প্রয়োজন।

স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত উড়োজাহাজটি বিমানবন্দরেই অবস্থান করছিল। তবে কখন এটি আবার ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে, সে বিষয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি।

ফ্লাইটের যাত্রী শরিফুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে উড়োজাহাজের ভেতরে অবস্থান করায় অনেক যাত্রী অস্বস্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের কয়েকজন অসুস্থ বোধ করছেন।

তিনি বলেন, উড়োজাহাজ থেকে নেমে টার্মিনালে যাওয়ার সুযোগও যাত্রীদের দেওয়া হচ্ছে না। দীর্ঘ সময় ধরে গরম ও অস্বস্তিকর পরিবেশে থাকার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

শরিফুল ইসলাম দ্রুত সমস্যার সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

যাত্রীরা জানান, টরন্টো থেকে ঢাকাগামী ফ্লাইটটির ইতালিতে নির্ধারিত যাত্রাবিরতি ছিল জ্বালানি নেওয়ার জন্য। কিন্তু সেখানে অবতরণের পর কারিগরি ত্রুটি ধরা পড়ায় পরবর্তী যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে।

তবে উড়োজাহাজটির কারিগরি সমস্যার সুনির্দিষ্ট কারণ এবং ফ্লাইটে মোট কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল গ্রহণ করেননি।

ফলে ফ্লাইটটি কখন ঢাকার উদ্দেশে রোম ছাড়বে এবং যাত্রীদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর