[email protected] শনিবার, ৮ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩

আদিবাসী স্বাস্থ্য অধিকার রক্ষায় জাতিসংঘের বার্তা

মোঃ আলী আকবর রনী

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৬ ১১:২৯ এএম

চিত্র- কাল্পনিক

বিশ্বের মোট জনসংখ্যার ৬ শতাংশেরও বেশি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আন্তর্জাতিক আদিবাসী জনগণের দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় সংস্থাটির মহাসচিব বলেন, আদিবাসী ধাত্রীরা শুধু নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করেন না, তাঁরা আদিবাসী সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে আদিবাসী নারীদের মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমাতে স্বাস্থ্যখাতে আরও বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতিসংঘের মহাসচিব বলেন, বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠী সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক, প্রাকৃতিক পরিবেশের অভিভাবক এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদার হলেও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মৌলিক অধিকারের ক্ষেত্রে তারা এখনও বৈষম্যের শিকার। বিশেষ করে মাতৃস্বাস্থ্য ও নবজাতকের সেবায় আদিবাসী নারীরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

বার্তায় উল্লেখ করা হয়, গবেষণায় প্রমাণিত হয়েছে যে আদিবাসী ধাত্রীরা নিরাপদ প্রসব নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখেন। তাঁদের সেবায় মা ও নবজাতকের স্বাস্থ্যগত ফলাফল উন্নত হয়, স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ে এবং মাতৃত্বকালীন সেবার ধারাবাহিকতা নিশ্চিত হয়। পাশাপাশি তাঁরা আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জাতিসংঘ জানায়, সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যৌথভাবে স্বাস্থ্যসেবায় অধিকারভিত্তিক নীতি বাস্তবায়নে কাজ চলছে। এ লক্ষ্যে আদিবাসী জনগোষ্ঠী সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, ধাত্রীদের প্রশিক্ষণ ও মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আদিবাসী নারীদের নিজেদের স্বাস্থ্য ও শরীর সম্পর্কে স্বাধীন ও সচেতন সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

বার্তার শেষাংশে মহাসচিব বলেন, ঐতিহ্যগত জ্ঞান নতুন জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আদিবাসী ধাত্রী এবং তাঁদের সেবাপ্রাপ্ত জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।

 

এসআর

সম্পর্কিত খবর