[email protected] শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড আবেদনে নতুন কড়াকড়ি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৬ ৮:৪১ পিএম

সংগৃহীত ছবি

ভিসা, গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন সুবিধার আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র।

নতুন নীতিমালা অনুযায়ী, আবেদন জমা দেওয়ার সময়ই আবেদনকারীকে সংশ্লিষ্ট সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় সব যোগ্যতার প্রমাণ ও নথি দাখিল করতে হবে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, বুধবার (৫ আগস্ট) মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় প্রাথমিক নথি বা তথ্য না থাকলে কর্তৃপক্ষ অতিরিক্ত তথ্য চেয়ে রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই) অথবা নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই (এনওআইডি) পাঠানো ছাড়াই আবেদন প্রত্যাখ্যান করতে পারবে।

ইউএসসিআইএস জানিয়েছে, প্রতিটি অভিবাসন-সুবিধার আবেদনপত্র ও নির্দেশিকায় কী কী নথি প্রয়োজন, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

ফলে আবেদনকারীরা শুরু থেকেই পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন।

সংস্থাটির ভাষ্য, নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) বিদ্যমান নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি ভিত্তিহীন বা অসম্পূর্ণ আবেদন নিরুৎসাহিত করা হবে।

এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় অনুসৃত একটি নীতির পরিবর্তন এসেছে।

আগে প্রয়োজনীয় নথিতে ঘাটতি থাকলে আবেদন বাতিলের আগে কর্মকর্তাদের অতিরিক্ত তথ্য চেয়ে আবেদনকারীকে সুযোগ দেওয়ার বিষয়ে উৎসাহিত করা হতো।

ইউএসসিআইএস জানিয়েছে, ৫ আগস্ট নতুন নীতিমালা জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে।

বিদ্যমান কোনো বিধিতে ভিন্ন নির্দেশনা না থাকলে, ৫ আগস্ট ২০২৬ বা এর পর জমা দেওয়া এবং ওই তারিখ পর্যন্ত বিচারাধীন থাকা সব অভিবাসন-সুবিধার আবেদনের ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে।

এসআর

সম্পর্কিত খবর