[email protected] বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ব্রাজিলীয় রাষ্ট্রদূতের ভিসা বাতিল: সম্পর্কে তীব্র উত্তেজনা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৬ ৮:৪৪ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিওত্তির ভিসা বাতিল করেছে মার্কিন

 প্রশাসন। দুই দেশের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা কূটনৈতিক টানাপোড়েনের জের ধরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাকে দুদেশের সাম্প্রতিক সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় উত্তেজনার ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

​মঙ্গলবার (৫ আগস্ট) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিওত্তির ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে তাকে এখনি দেশ থেকে বহিষ্কার বা 'পারসোনা নন গ্রাটা' ঘোষণা করা হচ্ছে না।

​তিনি ব্যাখ্যা করে বলেন, কোনো জ্যেষ্ঠ কূটনীতিকের ভিসা বাতিল করার মানেই তাকে স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কার করা নয়।

​দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটিতে ট্রাম্প প্রশাসনের মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূতের অনুমোদন আটকে দেওয়ার সিদ্ধান্তের জবাবেই ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে।

​মার্কিন ওই কর্মকর্তা উল্লেখ করেন, ব্রাজিল সরকার তাদের মনোনীত প্রার্থীকে দ্রুত কূটনৈতিক অনুমোদন দিলেই রাষ্ট্রদূত ভিওত্তির ভিসা পুনর্বহাল করা হবে। তবে তত দিন পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।

​তিনি আরও যোগ করেন, বর্তমান অবস্থায় রাষ্ট্রদূত ভিসা ছাড়াই সেখানে অবস্থান করছেন। তবে ট্রাম্পের মনোনীত প্রার্থীকে সম্মতি দেওয়া মাত্রই তার ভিসার বৈধতা ফেরত দেওয়া হবে।

​ব্রাজিলে নিযুক্ত পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত প্রার্থী ড্যানি পেরেজকে এখনও অনুমোদন দেয়নি ব্রাজিল সরকার। এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশের পর ওয়াশিংটন এই নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল।

​ড্যানি পেরেজ ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একজন ঘনিষ্ঠ রিপাবলিকান মিত্র। গত জুন মাসে তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়ার জন্য মনোনীত করা হলেও মার্কিন সিনেটের চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।

​সংবাদমাধ্যমের বিভিন্ন তথ্যানুযায়ী, ট্রাম্প প্রশাসন ব্রাজিলীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ করার আগেই প্রকাশ্যে পেরেজের নাম ট্রাম্পের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করে।

​ব্রাজিলীয় প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রমতে, এভাবে আগাম নাম ঘোষণা করাকে কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই পেরেজকে অনুমোদন দেওয়ার আগে তার মনোনয়ন সম্পর্কে বিস্তারিত খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।

​আল জাজিরা জানায়, ব্রাসিলিয়া থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়া পর্যন্ত পেরেজ সে দেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে পারবেন না।

​রাষ্ট্রদূতদের অনুমোদন কেন্দ্র করে পাল্টাপাল্টি এই পদক্ষেপ ওয়াশিংটন ও ব্রাজিলের মধ্যকার দীর্ঘদিনের শীতল সম্পর্ককে এক নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

​উল্লেখ্য, এর আগে গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের 'গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো'র একটি প্রতিনিধিদলকে ভিসা দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিল ব্রাজিল। সফরটি আসন্ন অক্টোবর মাসের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি করা বা দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিচালনা করা হতে পারে—এমন গুরুতর উদ্বেগ থেকে ব্রাজিল ওই সিদ্ধান্ত নেয়। 

এসআর

সম্পর্কিত খবর