আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং সামগ্রিক
পরিস্থিতি পর্যালোচনায় পাকিস্তান সফরে গেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে গত সোমবার (২০ জুলাই) তিনি ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম।
সফরকালে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন। বিশেষ করে সেনাপ্রধানের সঙ্গে এই বৈঠকটিকে আঞ্চলিক নিরাপত্তার নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এসব বৈঠকে মূলত দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা দিক অগ্রাধিকার পাবে।
সফর প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, এই সফরের মাধ্যমে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পাবে এবং আঞ্চলিক পরিস্থিতিতে ইতিবাচক অগ্রগতি আসবে। অন্যদিকে, অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এসকান্দার মোমেনি পাকিস্তান-ইরান সম্পর্ককে উদাহরণযোগ্য বলে অভিহিত করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান রাজনৈতিক উত্তেজনার আবহেই তেহরানের এই কূটনৈতিক তৎপরতা অনুষ্ঠিত হচ্ছে।
এসআর