[email protected] শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩

স্পেনে ভয়াবহ দাবানল: ১২ জনের মৃত্যু, সরিয়ে নেওয়া হয়েছে সহস্রাধিক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ৯:৪৪ এএম

সংগৃহীত ছবি

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গালিয়ার্দোস এলাকায় এক ভয়াবহ দাবানলে

 অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ছয়জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের কয়েকজনের লাশ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়ার পর এই আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে; তবে কর্তৃপক্ষ এখনো আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করেনি।

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনো এই ঘটনাকে ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ হিসেবে আখ্যায়িত করেছেন। বর্তমানে বেদার গ্রামের কাছে প্রায় ১৫০ জন দমকলকর্মীর পাশাপাশি স্পেনের সামরিক জরুরি ইউনিট (ইউএমই) আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। দাবানলের কারণে বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে প্রায় এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

​দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে স্পেনসহ দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা বর্তমানে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে, যার ফলে ফ্রান্স, পর্তুগাল ও স্পেনে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশে পরিণত হয়েছে, যেখানে বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর আগে চলতি বছরের জুনে স্পেনে ১৯৫০ সালের পর সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, গত বছর স্পেনে প্রায় ৩ লাখ ৯৩ হাজার হেক্টর বনভূমি পুড়ে গিয়েছিল, যা বিগত বছরগুলোর গড়ের তুলনায় ছয় গুণেরও বেশি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে ভবিষ্যতে ইউরোপজুড়ে দাবানলের প্রকোপ আরও ঘন ঘন এবং মারাত্মক আকার ধারণ করতে পারে।

এসআর

সম্পর্কিত খবর