ইরানের সর্বোচ্চ নেতা ও দেশটির সমসাময়িক ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক-ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে তার জন্মশহর মাশহাদে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (স্থানীয় সময়) দেশটির অন্যতম পবিত্র ধর্মীয় স্থান ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।
দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে তিনি দেশটির রাষ্ট্রীয় নীতি ও রাজনৈতিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তার নেতৃত্বের সময় আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে অতিক্রম করে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হন বলে জানানো হয়।
এরপর সপ্তাহজুড়ে দেশটির বিভিন্ন স্থানে শোকানুষ্ঠান ও শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতার সমাপ্তি ঘটে বৃহস্পতিবার মাশহাদে দাফনের মধ্য দিয়ে।
শেষ শ্রদ্ধা জানাতে ইরানের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষ মাশহাদে জড়ো হন।
অতিরিক্ত জনসমাগম এবং শোকযাত্রার পথে কয়েক দফা বিলম্ব হওয়ায় জানাজার শোভাযাত্রার নির্ধারিত সময় পরিবর্তন করা হয়। পরে স্থানীয় সময় দুপুর ২টায় ইমাম রেজা স্ট্রিট থেকে আনুষ্ঠানিক শোভাযাত্রা শুরু হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই মাশহাদের বিভিন্ন সড়কে মানুষের ঢল নামে।
অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, আয়াতুল্লাহ খামেনির প্রতিকৃতি এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। শোকাহত জনতা শেষবারের মতো তাদের নেতাকে শ্রদ্ধা জানান।
এসআর