জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রদেশের হিরারা শহরের উত্তর-পূর্ব উপকূলীয় সমুদ্র এলাকায় শুক্রবার ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে এতে কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
এর কেন্দ্রস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সমুদ্রে এবং ভূমিকম্পটির উৎপত্তি প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করলেও পরিস্থিতি পর্যালোচনা শেষে তা প্রত্যাহার করা হয়।
এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।
উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।
এ কারণে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো সবসময় সতর্ক অবস্থানে থাকে।
এসআর