[email protected] বৃহঃস্পতিবার, ২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ: নিহত ১, গ্রেফতার ৯ শতাধিক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ১১:২৬ এএম

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকাজুড়ে চলমান অভিবাসীবিরোধী বিক্ষোভে সহিংসতা, লুটপাট ও গুলির ঘটনায়

 ৯০০-এরও বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১ জুলাই) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার দেশজুড়ে মোট ১২০টি মিছিল অনুষ্ঠিত হয়, যার মধ্যে ১০৮টি শান্তিপূর্ণ হলেও ১২টি মিছিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে অবস্থান, জনসাধারণের মধ্যে সহিংসতা সৃষ্টি, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া এবং ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। গত কয়েক মাস ধরে দেশটিতে অভিবাসীবিরোধী উত্তেজনা বাড়ার পর, অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার একটি 'ডেডলাইন' বা সময়সীমা নির্ধারণকে কেন্দ্র করে গত মঙ্গলবারের এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।

​সহিংসতা মোকাবিলায় দেশটির নয়টি প্রদেশের মধ্যে পাঁচটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া জোহানেসবার্গের অভ্যন্তরীণ শহরাঞ্চল হিলব্রো এলাকায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, যেখানে গুলির ঘটনায় অন্তত দুজন আহত হন।

পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের আলেকজান্দ্রা টাউনশিপে বিদেশি নাগরিকদের মালিকানাধীন ছোট দোকান বা 'স্পাজা শপ'-এ লুটপাটের সময় গুলিতে একজন নিহত হন। অন্যদিকে, বন্দরনগরী ডারবানে বিক্ষোভ শুরুর আগের রাতে হামলার ভয়ে একটি বহুতল ভবনের অষ্টম তলা থেকে লাফ দিয়ে এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে, যার তদন্ত শুরু করেছে পুলিশ।

এসআর

সম্পর্কিত খবর