নির্দিষ্টসংখ্যক প্রবাসী শ্রমিকদের সুবিধার্থে চলতি বছরের শেষ পর্যন্ত ওয়ার্ক পারমিট নবায়নের
সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৩০ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এই নতুন নির্দেশনার ফলে নিয়োগকর্তা ও শ্রমিকরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় পাবেন।
বিশেষ এই সুবিধাটি মূলত সেইসব প্রবাসী শ্রমিকদের জন্য প্রযোজ্য হবে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরেরও বেশি সময় আগে শেষ হয়ে গেছে, কিংবা যারা কর্মক্ষেত্রে যোগ দেওয়ার ছয় মাসেরও বেশি সময় পার হওয়ার পরও এখন পর্যন্ত কোনো ওয়ার্ক পারমিট পাননি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত শ্রমবিধি প্রতিপালন জোরদার করা, কর্মসংস্থান চুক্তির সব পক্ষের অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠান ও কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে বৈধ হওয়ার সুযোগ করে দিতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও সতর্ক করা হয়েছে যে, এই বর্ধিত ও বিশেষ সময়সীমার মধ্যে যারা নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো সংশোধন করতে ব্যর্থ হবেন বা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন না, তাদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাই নির্ধারিত সময়ের আগেই নিয়োগকর্তা ও কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা ইস্যু করার আহ্বান জানানো হয়েছে।
এসআর