কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ মঙ্গলবার (৩০ জুন) সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
তাদের মরদেহ বহনকারী বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় সোমবার রাতে কাতার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছাবে। এরপর সেগুলো নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতরা হলেন কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন, আগতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের কাদের আহমদ।
ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর জানান, মরদেহ সময়মতো পৌঁছালে মঙ্গলবার যোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে পাঁচজনের সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাদের নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি আরও বলেন, জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন।
তাদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন। একসঙ্গে পাঁচ প্রবাসীর মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়।
এসআর