হরমুজ প্রণালিতে কয়েক দিন ধরে চলা দফায় দফায় সামরিক হামলা ও তীব্র উত্তেজনার পর
অবশেষে সংঘাত বন্ধ করে পুনরায় আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় আগামীকাল মঙ্গলবার থেকে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক শুরু হবে, যেখানে মূলত 'ইসলামাবাদ সমঝোতা চুক্তি'র বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে।
বর্তমানে উভয় পক্ষই শান্ত রয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো কোনো বাধা ছাড়াই মুক্তভাবে চলাচল করছে।
এই সংঘাতের সূত্রপাত গত ২৫ জুন বৃহস্পতিবার গভীর রাতে, যখন হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের একটি জাহাজে ইরান হামলা চালায়। এর পাল্টা জবাবে মার্কিন সেন্টকোম ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র ডিপো ও রাডার সিস্টেমে হামলা চালায়। পরবর্তীতে দুই দিন ধরে চলা এই পাল্টাপাল্টি হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করলেও দেশ দুটির এয়ার ডিফেন্স সিস্টেমের কারণে সেগুলো লক্ষ্যভ্রষ্ট ও ধ্বংস হয়।
গত ২৭ জুন ইরান মার্কিন ঘাঁটিতে আরও বড় হামলার হুমকি দেয় এবং এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। ট্রাম্পের এই চরম সতর্কবার্তার পরই ইরান সংঘাত থামিয়ে আলোচনার টেবিলে ফিরতে সম্মতি জানায়।
এসআর