নাইজেরিয়ার খনিজ খাতে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া গেছে।
‘আফ্রিকান ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড এনার্জি ইনভেস্টমেন্ট সামিট ২০২৬’-এ এই তথ্য তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ আবিষ্কার নাইজেরিয়ার অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বের করে এনে খনিজভিত্তিক শিল্প ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
দেশটির কঠিন খনিজ উন্নয়নবিষয়ক মন্ত্রী ডেলে আলাকে এ আবিষ্কারকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পরিচ্ছন্ন জ্বালানি, আধুনিক প্রযুক্তি এবং উৎপাদনশিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজের বৈশ্বিক বাজারে নাইজেরিয়ার অবস্থান আরও শক্তিশালী হবে।
নাইজেরিয়ান জিওলজিক্যাল সার্ভে এজেন্সির যাচাই অনুযায়ী, নতুন খনিজ অঞ্চলে প্লাটিনাম গ্রুপের ধাতু, সোনা, নিকেল, তামা, লিথিয়াম এবং বিরল খনিজের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
এই আবিষ্কারে বেসরকারি প্রতিষ্ঠান স্টেরন মাইনিং এবং নাইজেরিয়ান জিওলজিক্যাল সার্ভে এজেন্সি যৌথভাবে কাজ করেছে। একই সঙ্গে স্টেরন মাইনিং তাদের আবুজা প্রকল্পেও প্রায় ৩৩ লাখ মেট্রিক টন লিথিয়াম মজুদের তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা, সেমিকন্ডাক্টর এবং প্রতিরক্ষা শিল্পে লিথিয়াম, নিকেল ও প্লাটিনামের চাহিদা দ্রুত বাড়ছে। ফলে নাইজেরিয়ার এই নতুন খনিজ সম্পদ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন অব্যবহৃত থাকা খনিজ সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে নাইজেরিয়ার অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। পাশাপাশি বৈশ্বিক পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরের প্রেক্ষাপটে দেশটি গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহকারী হিসেবে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হতে পারে।
এসআর