ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন পার করছে ফ্রান্স, যেখানে চলমান তীব্র দাবদাহ থেকে বাঁচতে গিয়ে অনিরাপদ স্থানে সাঁতার কাটতে নেমে অন্তত
৪০ জন প্রাণ হারিয়েছেন। ফ্রান্সের পাশাপাশি যুক্তরাজ্য ও স্পেনেও তাপমাত্রার পূর্বের সব রেকর্ড ভেঙে গেছে। মঙ্গলবার (২৩ জুন) ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এক জরুরি বৈঠক শেষে জানান, গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত পানিতে ডুবে মৃতদের বেশিরভাগই তরুণ, যা একটি ‘মর্মান্তিক অভিশাপ’।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লে হার্বিয়ার্সে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বোর্দো অঞ্চলে গরমজনিত কারণে তিন বৃদ্ধের মৃত্যুসহ একটি গাড়ি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফ্রান্সের আবহাওয়া বিভাগ 'মেটিও-ফ্রান্স' জানিয়েছে, ১৯৪৭ সালের পর এটিই দেশটির সবচেয়ে উষ্ণতম সময়, যার ফলে ৫৪টি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং স্কুলগুলো আগেভাগেই ছুটি দেওয়া হয়েছে। এমনকি অতিরিক্ত গরমের কারণে প্যারিসের লুভর মিউজিয়াম ও আইফেল টাওয়ার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া যুক্তরাজ্যের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে এবং স্পেনের সান সেবাস্তিয়ানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে ৪০ ডিগ্রিতে পৌঁছেছে। আবহাওয়াবিদদের মতে, ‘ওমেগা ব্লক’ নামক একটি বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে সাহারা মরুভূমির গরম বাতাস ইউরোপের ওপর আটকে থাকায় এই রেকর্ডভাঙা তীব্র গরম অনুভূত হচ্ছে।
এসআর