ইউক্রেনের সঙ্গে ফের শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে উচ্চপদস্থ
সরকারি কর্মকর্তাদের এক বৈঠকে তিনি জানান, এ পর্যন্ত ইস্তাম্বুল, অ্যাঙ্কোরেজ, আবুধাবি ও জেনেভায় হওয়া যুদ্ধাবসান ইস্যুর আলোচনার ভিত্তিতেই নতুন দফার এই সংলাপ শুরু করা যেতে পারে।
বর্তমানে দুই দেশের কূটনৈতিক আলোচনা স্থবির থাকায় ইউক্রেন তার সুযোগ নিয়ে রাশিয়ার অভ্যন্তরে ঘন ঘন হামলা করছে এবং নিজেদের অনুকূল শর্ত তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
২০২২ সালে শুরু হওয়া রুশ সামরিক অভিযানের পর গত ৪ বছরে দুই দেশের প্রতিনিধিরা বেশ কয়েকবার শান্তি সংলাপে বসেছেন। এর মধ্যে ২০২২ সালে মিনস্ক ও ইস্তাম্বুলে এবং ২০২৪ সালেও টানা কয়েক দিন বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ২০২৫ সালের মে, জুন ও জুলাই মাসে ইস্তাম্বুলে তিন দফা বৈঠক হয় এবং জুনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ পয়েন্টের খসড়া চুক্তি নিয়ে আলোচনা হয়।
সর্বশেষ চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আবুধাবি ও জেনেভায় তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে বড় কোনো অগ্রগতি না হলেও কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেগুলোকে ভিত্তি করে পুতিন নতুন করে শান্তি সংলাপ শুরুর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
এসআর