ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর যুক্তরাজ্যের পরবর্তী সম্ভাব্য
প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। ৫৬ বছর বয়সী এই লেবার নেতা সম্প্রতি গ্রেটার ম্যানচেস্টারের মেয়রের দায়িত্ব ছেড়ে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনের উপনির্বাচনে অংশ নেন এবং গত শুক্রবার জয়ী হয়ে পার্লামেন্ট সদস্য (এমপি) হন।
এর আগে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত গর্ডন ব্রাউনের লেবার সরকারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো বার্নহাম ২০১০ ও ২০১৫ সালে দুইবার দলের শীর্ষ নেতৃত্বের দৌড়ে নামলেও এড মিলিব্যান্ড ও জেরমি করবিনের কাছে পরাজিত হয়েছিলেন।
মেয়র থাকাকালীন ২০২০ সালে করোনা মহামারির সময়ে তৎকালীন কনজারভেটিভ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর্যাপ্ত ক্ষতিপূরণ ছাড়া কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে উত্তর ইংল্যান্ডে ব্যাপক জনপ্রিয়তা পান বার্নহাম, যা তাকে ‘কিং অব দ্য নর্থ’ বা উত্তরের রাজা উপাধি এনে দেয়।
স্টারমারের উত্তরসূরি হিসেবে তার সমাজতন্ত্র ও ব্যবসাবান্ধব নীতির মেলবন্ধনে গড়া ‘ম্যানচেস্টারিজম’ দর্শনও এখন বেশ আলোচিত হচ্ছে, যার মাধ্যমে ম্যানচেস্টারের অর্থনৈতিক উত্থানের শিক্ষাকে কাজে লাগিয়ে সামগ্রিক ব্রিটেনের অর্থনীতিকে নতুনভাবে সাজানোর স্বপ্ন দেখছেন তিনি।
এসআর