ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে সেনাবাহিনী ‘যতদিন প্রয়োজন ততদিন’ অবস্থান করবে বলে
জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।
রোববার (২১ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, দেশের সব নাগরিক ও উত্তরাঞ্চলের মানুষের সুরক্ষায় দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে যতদিন দরকার সেনারা থাকবে এবং এই প্রতিশ্রুতি থেকে তাদের কেউ সরাতে পারবে না।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেছেন, লেবাননে হুমকি মোকাবিলায় ইসরাইলি সেনাদের কার্যক্রমে কোনো বিধিনিষেধ নেই এবং তারা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাধীন। এর আগে গত শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও শনিবার ইসরাইলি হামলায় লেবাননে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
তবে হিজবুল্লাহর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরাইল যুদ্ধবিরতি মেনে চললে তাদের পক্ষও তা মেনে চলবে। তবে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর অবাধ চলাচলের কোনো অধিকার নেই। শনিবার সন্ধ্যার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে কোনো হামলা চালায়নি বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে ইসরাইলি বাহিনীর প্রধান ইয়াল জামির দক্ষিণ লেবাননে সেনাদের পরিদর্শনের সময় দাবি করেছেন, হিজবুল্লাহ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং তাদের পুনর্গঠন ঠেকাতে প্রয়োজনে আবারও অভিযান চালানোর জন্য ইসরাইল প্রস্তুত রয়েছে।
এসআর