[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মধ্যপ্রাচ্য উত্তেজনা: হরমুজ প্রণালি পাড়ি দিল ৩টি এলএনজি ট্যাঙ্কার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ৫:৩২ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই বিশ্বব্যাপী তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ

 প্রণালি পাড়ি দিয়েছে তিনটি এলএনজি ট্যাঙ্কার। বৃহস্পতিবার (১১ জুন) জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট এলএসইজি ও কেপলারের বরাতে রয়টার্স জানায়, কাতার এনার্জি-নিয়ন্ত্রিত ‘লেব্রেথা’ ও ‘রাশিদা’ এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি পরিচালিত ‘মেরিগোল্ড’ নামের ট্যাঙ্কারগুলো তাদের ট্রান্সপন্ডার (অবস্থান জানানোর যন্ত্র) বন্ধ রেখে এই রুট পার হয়।

দীর্ঘ বিরতির পর গত ১০ জুন জাহাজ-ট্র্যাকিং ডেটাতে এগুলোকে পুনরায় শনাক্ত করা হয়। বর্তমানে রাস লাফান থেকে পণ্য বোঝাই করা ‘লেব্রেথা’ পাকিস্তানের দিকে, ‘রাশিদা’ দক্ষিণ-পূর্ব এশিয়ার কাছাকাছি এবং ‘মেরিগোল্ড’ ভারতের দিকে অগ্রসর হচ্ছে। আল জাজিরার তথ্যমতে, ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই তিনটিসহ মোট ১২টি এলএনজি ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

​যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে, যার জবাবে গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দর সংশ্লিষ্ট জাহাজের ওপর অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চলমান এই সংকটের মধ্যে গত ৮ জুন পর্যন্ত মার্কিন বাহিনী সাতটি জাহাজকে অচল করেছে, অন্তত ১৩৪টি জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করেছে এবং মানবিক সহায়তাবাহী ৪২টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর