[email protected] বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা আঘাত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ জুন ২০২৬ ৯:২৯ এএম

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালিতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পালটা জবাবে বাহরাইনে

 অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহর এবং কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বুধবার (১০ জুন) ভোরে বাহরাইনে সাইরেন বেজে ওঠার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থেকে নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

​ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

​একই সময়ে বুধবার ভোরে কুয়েতেও সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে আকাশপথে আসা শত্রুপক্ষের লক্ষ্যবস্তুগুলোকে প্রতিহত করছে। পাশাপাশি তারা বাসিন্দাদের সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে এবং নিরাপত্তা নির্দেশাবলী মেনে চলতে বলেছে।

​এদিকে আইআরজিসি আরও দাবি করেছে, তারা জর্ডানের আল আজরাক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে দূরপাল্লার সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে জর্ডানে কোনো বিমান হামলার সাইরেন বাজার খবর পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর