যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে অবশেষে সহিংসতা ও পালটাপালটি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও
ইসরাইল। সোমবার (৮ জুন) দুই দেশের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে সংঘাত এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এর মাত্র কয়েক ঘণ্টা আগেই তেহরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে আপাতত সামরিক পদক্ষেপ থামানোর ঘোষণা দেয়। তবে ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, ইসরাইল যদি পুনরায় ইরান বা লেবাননে কোনো আঘাত হানে, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।
রোববার দিবাগত রাতে দুই মাসের বিরতির পর ইরান ও ইসরাইলের মধ্যে নতুন করে পালটাপালটি হামলা শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশাল'-এ বার্তা দিয়ে দুই দেশকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান এবং পরবর্তী পোস্টে উল্লেখ করেন যে উভয় পক্ষই একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতির চেষ্টা করছে।
ট্রাম্পের এই মধ্যস্থতা ও অনুরোধের পর পরই দুই দেশের পক্ষ থেকে যুদ্ধ পরিস্থিতি থামানোর ঘোষণা আসে। ইসরাইলি সংবাদমাধ্যমও এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছে যে, ট্রাম্পের অনুরোধের প্রেক্ষিতেই ইসরাইল ইরানের ওপর হামলা চালানো বন্ধ করেছে।
এসআর