মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায়
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জনের ব্যাপারে যুক্তরাষ্ট্র এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, ইরান এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না, কারণ এটি তাদের স্বার্থের অনুকূলে নয়।
ভ্যান্স আরও জানান, ইরানি পক্ষ বর্তমানে আলোচনার টেবিলে কিছু বাস্তবসম্মত প্রস্তাব দিচ্ছে যা যুক্তরাষ্ট্র যাচাই করে দেখবে এবং এই চুক্তি সম্পন্ন হলে তা আমেরিকার জনগণের জন্য একটি অসাধারণ সাফল্য হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একটি পরিপূর্ণ বা ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করতে যাচ্ছে। সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত একটি সমাবেশে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে ট্রাম্প বলেন, চলমান আলোচনায় ইরান একটি ভালো চুক্তি করতে আগ্রহী এবং তারা কোনো পরমাণু অস্ত্র না রাখার প্রতিশ্রুতিসহ সবকিছু দিতে রাজি হয়েছে।
এই লড়াইয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প আরও উল্লেখ করেন, খুব শিগগিরই এই চূড়ান্ত বিজয় আসবে এবং এর ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে যাবে।
এসআর