আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চালানো বিশেষ যৌথ অভিযানে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন অবৈধ প্রবাসীকে
গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ৪ হাজার ৬৯০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে এই চিরুনি অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ হাজার ৬০ জন আবাসন আইন, ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের ৭০ শতাংশ ইথিওপিয়ার, ২৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টাকালে আটক হয়েছেন আরও ২৫ জন।
বর্তমানে সৌদিতে আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের কারণে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ ও ১ হাজার ৩১৯ জন নারীসহ মোট ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ভ্রমণ সংক্রান্ত জরুরি নথিপত্র সংগ্রহের জন্য ১৪ হাজার ৪৯৫ জনকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে এবং দেশত্যাগের চূড়ান্ত প্রস্তুতির জন্য আরও ৮৫০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের সুযোগ দিয়ে আইন লঙ্ঘনে সহায়তা করার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ বা অপরাধে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
যেকোনো আইন লঙ্ঘন বা অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ ও ৯৯৬ নম্বরে কল করে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এসআর