[email protected] বৃহঃস্পতিবার, ৪ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ জুন ২০২৬ ১১:১৩ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং ইসরাইল-লেবানন পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাত নিরসনের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

বুধবার (৩ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা প্রায় ০.৭ শতাংশ কমে ৯৭.১৪ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬২ সেন্ট বা প্রায় ০.৬৫ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৯৫.৪০ ডলারে দাঁড়ায়।

বাজারসংশ্লিষ্টদের ধারণা, মধ্যপ্রাচ্যে সংঘাত কমার সম্ভাবনা তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমিয়েছে। এর ফলে বাজারে মূল্যচাপও হ্রাস পেয়েছে।

তবে লেবাননকে ঘিরে যুদ্ধবিরতির বিষয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির। তিনি জানিয়েছেন, বর্তমানে কার্যকর কোনো যুদ্ধবিরতি চুক্তি বিদ্যমান নেই।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, হাইফার একটি নৌঘাঁটি পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে, সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা ও জল্পনা চলছিল, বাস্তব পরিস্থিতি তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের উদ্যোগে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছিল। তবে সাম্প্রতিক বক্তব্যে পরিস্থিতি এখনও অনিশ্চিত বলেই প্রতীয়মান হচ্ছে।

 

এসআর

সম্পর্কিত খবর