[email protected] সোমবার, ২৫ মে ২০২৬
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ভেঙে ফেলার পক্ষে ট্রাম্প: দাবি নেতানিয়াহুর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ মে ২০২৬ ৮:৪৭ এএম

সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতের যে কোনো চুক্তির আওতায় ইরানের

 পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ভেঙে ফেলার বিষয়ে ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন। শাফাক নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে ফোনালাপে ইরানের পারমাণবিক হুমকি, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং সম্ভাব্য চূড়ান্ত চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

উভয় নেতাই একমত হয়েছেন যে, চূড়ান্ত চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ভেঙে ফেলা এবং সব সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশটির বাইরে সরিয়ে নেওয়ার শর্ত থাকতে হবে। পাশাপাশি, ট্রাম্প লেবানন সীমান্তসহ বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলের সামরিক পদক্ষেপ ও আত্মরক্ষার অধিকারের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

​অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে, চূড়ান্ত চুক্তি সই না হওয়া পর্যন্ত ইরানের ওপর চলমান সব ধরনের চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল থাকবে। তিনি মার্কিন আলোচকদের তাড়াহুড়া না করার নির্দেশ দিয়ে জোর দিয়েছেন যে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

ট্রাম্প উল্লেখ করেন, বর্তমান আলোচনাটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের চুক্তি (যা থেকে ২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন) থেকে সম্পূর্ণ ভিন্ন। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতার কথা বলা হয়েছে, যার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে; তবে চূড়ান্ত চুক্তির আগে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা বাকি রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর