[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কলকাতার নাখোদা মসজিদের ইমামের আহ্বান: গরু কুরবানি ও গরুর মাংস খাওয়া বন্ধের অনুরোধ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ মে ২০২৬ ১১:২৬ এএম

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি রাজ্যের মুসলিম সম্প্রদায়কে গরু কুরবানি না দেওয়ার এবং গরুর মাংস খাওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

 বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কুরবানির জন্য বিকল্প হিসেবে ছাগল রয়েছে, তাই সবার উচিত ছাগল দিয়েই কুরবানি সম্পন্ন করা।

ইমাম আরও উল্লেখ করেন, মুসলিমরা গরুর মাংস খাওয়া বন্ধ করলে তা আসলে হিন্দু খামারি ও ব্যবসায়ীদের সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলবে। কারণ, অনেক হিন্দু পরিবার দুগ্ধ ব্যবসার সঙ্গে যুক্ত এবং তারা কুরবানির ঈদে বিক্রির আশায় জীবনের সব সঞ্চয় দিয়ে গরু লালন-পালন করেন; ফলে বিক্রি করতে না পারলে তারা চরম আর্থিক লোকসানের শিকার হবেন।

​এদিকে, গত সপ্তাহে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার একটি নতুন নির্দেশনা জারি করেছে, যেখানে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না বলে জানানো হয়েছে, যা কার্যত গরুর মাংসের ওপর এক ধরনের নিষেধাজ্ঞা। সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো গরু জবাই করতে হলে সেটির বয়স অন্তত ১৪ বছর হতে হবে এবং তা কেবল সরকার নির্ধারিত কসাইখানায় জবাই করা যাবে। তবে পশ্চিমবঙ্গে বর্তমানে এই ধরনের পর্যাপ্ত অবকাঠামো বা সুবিধা নেই।

এই প্রসঙ্গে ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি স্পষ্ট করে বলেন, আইন কার্যকর করার আগে সরকারকে প্রথমে আধুনিক কসাইখানা তৈরি করতে হবে এবং পর্যাপ্ত পশু চিকিৎসকের ব্যবস্থা করতে হবে; আর সরকার যদি এই ধরনের অবকাঠামোগত ব্যবস্থা করতে ব্যর্থ হয়, তবে গরুকে ‘জাতীয় পশু’ ঘোষণা করে এর জবাই ও রপ্তানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত।

এসআর

সম্পর্কিত খবর