যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা (ইউএসসিআইএস)। নতুন নীতি অনুযায়ী, বিশেষ পরিস্থিতি ছাড়া এখন থেকে শিক্ষার্থী, পর্যটক বা অস্থায়ী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া বিদেশি
নাগরিকরা সেখানে অবস্থান করে আর স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করতে পারবেন না; গ্রিন কার্ডের আবেদন করতে হলে তাদের নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসন কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের একটি সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে, যা অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা কমাবে এবং অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করবে বলে দাবি করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তবে সমালোচক এবং সাবেক ইউএসসিআইএস কর্মকর্তা মিচেল ভালভার্দে মনে করছেন, এই সিদ্ধান্ত নিয়ম মেনে চলা লাখ লাখ পরিবার ও নিয়োগদাতার পরিকল্পনায় বড় ধরনের বিঘ্ন ও অনিশ্চয়তা তৈরি করবে।
বর্তমানে ১০ লাখের বেশি বৈধ অভিবাসীর গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, তবে অর্থনৈতিক বা জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত কিছু আবেদনের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ইউএসসিআইএস–এর মুখপাত্র জ্যাক কাহলার।
এসআর