মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ৪৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র চলতি সপ্তাহান্তে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে
যাচ্ছেন। তবে চলমান ইরান যুদ্ধের কারণে এই বিয়ের অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকতে পারবেন কিনা, তা নিয়ে এক বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, তার ছেলে তাকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছে এবং খুব ছোট পরিসরে ব্যক্তিগত এই আয়োজনে তিনি যাওয়ার চেষ্টাও করবেন; তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সময়টা তার জন্য মোটেও অনুকূল নয়।
বিশেষ করে ইরান ইস্যুসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হচ্ছে উল্লেখ করে ট্রাম্প আরও জানান, এই সংকটের মধ্যে তিনি যদি রাষ্ট্রীয় দায়িত্ব রেখে বাহামাসে ছেলের বিয়েতে যান, তবে আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যম বিষয়টিকে কীভাবে উপস্থাপন করবে, সেই রাজনৈতিক প্রতিক্রিয়াও তাকে বিবেচনায় রাখতে হচ্ছে।
এসআর