[email protected] শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩

নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ১:০৩ এএম

সংগৃহীত ছবি

দেশের প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার নারীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৩০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিয়োগপ্রাপ্ত মিডওয়াইফরা গ্রামীণ ও দুর্গম এলাকায় নারীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতন করবেন। পাশাপাশি স্তন ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সারসহ বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়ার কাজেও যুক্ত থাকবেন।

 

তিনি আরও বলেন, স্তন ও জরায়ুমুখের ক্যান্সার প্রাথমিক অবস্থায় শনাক্ত করা সম্ভব হলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ বিষয়ে সচেতনতা তৈরিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে নারী শিক্ষার্থী এবং শিক্ষকদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।

 

মন্ত্রী জানান, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে টিকাদান কর্মসূচি চালু করেছে সরকার।

 

অনুষ্ঠানে অসহায়, দুস্থ ও কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

 

এ সময় দেশের পররাষ্ট্রনীতি ও সার্বভৌমত্ব নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তবে কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না।

আয়তনে ছোট হলেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের বিশেষ গুরুত্ব রয়েছে। দেশের এক ইঞ্চি ভূখণ্ডের ওপরও অন্য কারও কর্তৃত্ব গ্রহণযোগ্য নয়। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ।

এফ/ডি

সম্পর্কিত খবর